আন্তনী দ্রং, প্রধান সংবাদদাতা।
অদ্য ০৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, ধোবাউড়া কারিতাস অফিসের হলরুমে কারিতাস বাংলাদেশের আলোক কোরে-২ প্রকল্পের উদ্যোগে “দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR), দুর্যোগ ব্যবস্থাপনা আইন (DM Act), দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (SOD) এবং সম্প্রদায়ভিত্তিক ঝুঁকি মূল্যায়ন (CRA)” বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন জনাব মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO), ধোবাউড়া উপজেলা। তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী এবং সম্প্রদায়ভিত্তিক ঝুঁকি মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মি. বাধন চিরান, কো-অর্ডিনেটর (LM & ET), আলোক কোরে-২ প্রকল্প। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগ-সহনশীল সম্প্রদায় গঠনে স্থানীয় পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত প্রশিক্ষণে ঘোষগাঁও ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের “ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC)” এবং “কমিউনিটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (CDMC)” এর মোট ২৩ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
